বগুড়ায় তিন ইউনিয়নের নাম বদলে গণশুনানি অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এলজিআরডি প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ি ও ছেলের নামে ইউনিয়নের নাম রাখার ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে প্রধানমন্ত্রীর নির্দেশে এই গণশুনানির আয়োজন করা হয়।
বগুড়া জেলার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় সম্প্রতি আলোচিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য মঙ্গলবার সকালে পৃথক তিন স্থানে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এই তিনটি ইউনিয়ন হলো মীরবাড়ী, সীমান্ত এবং দিগন্ত ইউনিয়ন। সম্প্রতি নবগঠিত এই তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নাম অনুসারে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান আলাদা কমিটি গঠনের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তিন ইউনিয়নের প্রশাসককে গণশুনানি কমিটির আহবায়ক করেন। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের গণশুনানি হয় সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। স্থানীয় বাসিন্দারা নতুন নামের বিষয়ে মতামত দিয়েছেন। প্রশাসন জানিয়েছে, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক পরিচিতি ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হবে।