শিক্ষামন্ত্রী জানালেন এসএসসির ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও একই তারিখের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, সব বোর্ডের খাতা তারা রেন্ডমলি চেক করে দেখবেন, কেউ কম বা বেশি নম্বর দিয়ে দিয়েছে কিনা তা যাচাই করা হবে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা ২০ মে শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এ বছর মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।