সব সংবাদ
অন্যান্য

ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক্টর খালে, চালকের মৃত্যু

ভোলার লালমোহনে বেতুয়া খালের একটি পুরোনো ব্রিজ ভেঙে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক্টর খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছেন এবং হেলপার আল-আমিন (১২) আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে মঙ্গলবার দুপুর ১টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক নাইম হোসেন জয় (২২) চতলা ৪নং ওয়ার্ডের মো. ফরিদের ছেলে এবং আহত হেলপার আল-আমিন (১২) ওই এলাকার মো. ভুট্টুর ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে ট্রাকচালক নাইম হোসেন জয় হেলপার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালুবোঝাই করে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ব্রিজে উঠলে সেটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাক্টরের মধ্যে আটকে পড়েন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত চালকের লাশের সুরতহাল করেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।