সব সংবাদ
অর্থনীতি

রেকর্ড ভাঙ্গলো বাংলাদেশের রেমিট্যান্স, যুক্তরাষ্ট্র শীর্ষে

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করেছে। যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি ৪.৭৩ বিলিয়ন ডলার এসেছে, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৫.৬ শতাংশ।

বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে ঐতিহাসিক রেমিট্যান্স রেকর্ড অর্জন করেছে। প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতি সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২৩ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। আমেরিকান প্রবাসী বাংলাদেশিরা ৪.৭৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা মোট রেমিট্যান্সের প্রায় ১৫.৬ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব (৪.২৬ বিলিয়ন ডলার) এবং তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত (৪.১৭ বিলিয়ন ডলার)। এই তিন দেশ মিলিয়ে ১৩.১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছে, যা মোট প্রবাসী আয়ের প্রায় ৪৩.৪ শতাংশ।

চতুর্থ স্থানে যুক্তরাজ্য (৩.১৭ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে মালয়েশিয়া (২.৮০ বিলিয়ন ডলার) রয়েছে। উপসাগরীয় ছয় দেশ (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন) সম্মিলিতভাবে প্রায় ১৩.৬৬ বিলিয়ন ডলার পাঠিয়েছে, যা মোট রেমিট্যান্সের প্রায় ৪৫ শতাংশ।

ইউরোপে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইতালি থেকে (১.৬৫ বিলিয়ন ডলার)। এছাড়া ফ্রান্স থেকে ৩৩৫.৫৯ মিলিয়ন, গ্রিস থেকে ১৮৫.২১ মিলিয়ন, জার্মানি থেকে ১৮০.৬২ মিলিয়ন এবং পর্তুগাল থেকে ১০২.৪৩ মিলিয়ন ডলার এসেছে।

অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ৪০২.৯১ মিলিয়ন, দক্ষিণ কোরিয়া থেকে ২২৭.০৪ মিলিয়ন, কানাডা থেকে ২২৩.৯৮ মিলিয়ন, অস্ট্রেলিয়া থেকে ১৭৭.০৯ মিলিয়ন, জর্ডান থেকে ১৬৮.১৭ মিলিয়ন, মরিশাস থেকে ১৪৩.৭১ মিলিয়ন, মালদ্বীপ থেকে ১৪১.০৯ মিলিয়ন, জাপান থেকে ১০৫.৯৪ মিলিয়ন এবং ব্রুনাই থেকে ৮৭.৩৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।