মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রায় ১৮ ঘণ্টার সফর শেষে তিনি বর্তমানে চীন সফরে রয়েছেন। বার্তায় তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী এবং মালয়েশিয়ার রাজার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার সফর শেষে তিনি বর্তমানে চীন সফরে রয়েছেন। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের বন্ধুত্বপূর্ণ মনোভাবে তারা গভীরভাবে অভিভূত হয়েছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
তিনি আরও উল্লেখ করেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সময় থেকে বহু দশক পুরনো এই সম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকে তার বৈঠকে সময় দেওয়ার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের জন্য তারা গর্বিত, যা দুই দেশকে বিভিন্ন ক্ষেত্র এবং সমাজের সর্বস্তরের মধ্যে একসূত্রে আবদ্ধ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বহুমুখী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে তিনি উন্মুখ।