বিশ্বকাপ ২০২৬: নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে?
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ জে-তে শীর্ষস্থান নিশ্চিত করার পর এখন নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষায়। শনিবার এইচ গ্রুপের শেষ ম্যাচের পরই জানা যাবে লিওনেল মেসির দল কার মুখোমুখি হবে।
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মঙ্গলবার (২৩ জুন) নিশ্চিত করেছে যে তারা বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেছে। জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলে গ্রুপ জে-এর শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের। এখন সবার আগ্রহ একটাই—নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ জে-এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খেলতে হবে এইচ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। সেই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচের পরই চূড়ান্ত হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কেপ ভার্দে সবচেয়ে এগিয়ে রয়েছে রানার্সআপ হওয়ার দৌড়ে। তবে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নকআউটের শুরুতেই দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেনের হাইভোল্টেজ লড়াই। ২০২২ বিশ্বকাপের পর আবারও আর্জেন্টিনা-সৌদি আরব লড়াই দেখার সুযোগও তৈরি হতে পারে। সব হিসাব-নিকাশের সমাধান মিলবে শনিবার এইচ গ্রুপের শেষ দুই ম্যাচ শেষে।