গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ শিশুর মৃত্যু
বাংলাদেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন এবং হামের লক্ষণ নিয়ে ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের এবং হামের লক্ষণ নিয়ে ৫৯৩ জনের মৃত্যু হল। সবচেয়ে বেশি ২৫১ জন মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, ময়মনসিংহে ৫৫, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত মোট ১০০৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে, যাদের মধ্যে ৯৭৩ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সময়ে নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪ জন, যার মধ্যে ১১ হাজার ২৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসা শেষে ৭৪ হাজার ৯৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।