ঢাবি রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়ানোর সময় এক মালির মাথায় কাঁঠাল পড়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে এক দুর্ঘটনায় এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মালির নাম ছিয়াকুল (৩৯)। তিনি রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করতেন। সকালে সহকর্মীর সাথে গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন ছিয়াকুল। একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ানোর সময় হঠাৎ একটি কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি মেঝেতে উপুড় হয়ে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায় এবং তিনি ঢাবির শহীদুল্লাহ হলে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।