তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা সম্ভব হতে হবে মানুষের স্মৃতিশক্তি হারানো
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে মানুষকে ডিমেনশিয়ায় আক্রান্ত হতে হবে। তিনি আরও জানান, দলটির উপর নিষেধাজ্ঞা আদালতে নির্ধারিত হবে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এসব মন্তব্য করেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতিতে স্বাভাবিকভাবে ফেরা আসলে সম্ভব নয়, যদি না মানুষের স্মৃতিশক্তি শেষ হয়ে যায় এবং ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়ে সবকিছু ভুলে না যায়। দলটি পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতেই নির্ধারিত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার নৈতিক সাহস নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, লুটপাটকারী, মাফিয়া, চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না। জুলাইয়ে বিপ্লবে মানুষ বন্দুকের সামনে দাঁড়াতে পেরেছিল কারণ তাদের নৈতিক সাহস ছিল। এত গুলি, এত মৃত্যুর পরও মানুষ পরের দিন আবার গিয়ে দাঁড়িয়েছে। তাদের দিয়ে তেমন কিছু হওয়ার কারণ নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, তাদের কিছু ছোটখাটো নাশকতার সক্ষমতা এবং প্রচুর টাকা আছে। সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা সেজন্য ঝুঁকিপূর্ণ জায়গায় সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই নয় যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।