সব সংবাদ
রাজনীতি

ধানমন্ডিতে জামায়াত কর্মীদের হামলায় আহত সাংবাদিক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দিয়ে মারধর করা হয়েছে। হামলায় আহত ওই সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের রিপোর্টার।

রাজধানীর ধানমন্ডি এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন একটি মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী সাংবাদিক মাহফুজুর রহমান শিশিকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে ডাকেন। সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘাতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত কর্মীরা শিশিরের গলা ধরে ঘুষি মারেন এবং তিনি রাস্তায় পড়ে গেলে কয়েকজন তাকে লাথিও মারেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেন এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।