মালয়েশিয়া সফরে তারেক রহমান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে ‘মহাজাদু’ গান
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি ব্যবহার করা হয়েছে। এই ভিডিও ফেসবুকে পোস্টের তিন ঘণ্টার মধ্যে ৯ লাখের বেশি দেখা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুইদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। তার এই সফরের কিছু অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে। ২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া ‘মহাজাদু’ গানটি ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টের তিন ঘণ্টার মধ্যেই ৯ লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার মুহূর্তও দেখানো হয়েছে।
ভিডিওতে আনোয়ার ইব্রাহিমকে বলতে শোনা যায়, অবশ্যই যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। রোববার মালয়েশিয়া পৌঁছান তিনি। দুই দিনের সফর শেষে সোমবার তিনি চীনের তালিয়ান শহরে গেছেন।
পুত্রাজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জিয়া পরিবারের সঙ্গে পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রয়াত বাবা ও মায়ের সঙ্গে তাদের পরিচয় ছিল। মৌচাক ক্যাম্পে তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যখন তিনি যুবনেতা ছিলেন। এছাড়াও উপ-প্রধানমন্ত্রী হিসেবে তার প্রয়াত মায়ের সঙ্গেও বেশ কয়েকবার দ্বিপক্ষীয় বৈঠকে দেখা হয়েছিল।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ভাই তারেক রহমান এবং তার পরিবার চরম কষ্ট ও সংগ্রাম সহ্য করেছেন। তিনি নিজের দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং তাদের স্বাধীনতা ও উন্নতির পক্ষে নিজের আদর্শে সবসময় অবিচল থেকেছেন।