সাভারে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে আওয়ামী লীগের ৬ সমর্থককে গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অবস্থান নেয়। পরে সেখান থেকে ব্যানারসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা সবাই পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। পুলিশের এ কর্মকর্তা জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত একাধিক পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।