সব সংবাদ
আন্তর্জাতিক

ছয় মাসে ৭০০+ বেসামরিক হত্যা মিয়ানমারে, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ, গত বছরের নির্বাচনকালীন ছয় মাসে মিয়ানমারের সামরিক বাহিনী অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক হত্যা করেছে। এর মধ্যে ২২৪ জন নারী ও ১৫৩টি শিশু।

গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নির্বাচনকালীন ছয় মাসে মিয়ানমারের সামরিক বাহিনী অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সোমবার (২৩ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী মিয়ানমারের সামরিক বাহিনী। নিহতদের মধ্যে ২২৪ জন নারী ও ১৫৩টি শিশু রয়েছে। প্রতিবেদনে বিমান হামলাকে এই ধ্বংসযজ্ঞের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর ও জাইরোকপ্টার ব্যবহার করে চালানো হামলায় অন্তত ৫০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা মোট নিহত সংখ্যার ৫৭ শতাংশ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এএফপিকে জানান, এই ৭০২ জন নিহত হওয়ার ঘটনার দায় মিয়ানমারের সামরিক বাহিনীর। তবে তিনি জোর দিয়ে বলেন, এর অর্থ এই নয় যে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। এটা মোট হতাহতের পূর্ণাঙ্গ হিসাব নয়। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। জান্তা সরকার টানা পাঁচ বছর সামরিক শাসনের পর এ বছর কঠোর বিধিনিষেধের মধ্যে নির্বাচন আয়োজন করে, যেখানে জান্তা বাহিনীর মিত্ররা কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।