সব সংবাদ
রাজনীতি

আওয়ামী লীগের পূর্ণ নিষিদ্ধকরণ প্রশ্নে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ সম্পূর্ণ নিষিদ্ধ হবে কিনা তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের পরই নির্ধারিত হবে। বর্তমানে সন্ত্রাস দমন আইনের অধীনে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতে, বিশেষত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের বিচারের পরই নির্ধারিত হবে। বর্তমানে দলটির সব কার্যক্রম সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে নিষিদ্ধ রয়েছে। তাই তারা এখন কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামলে আইন ভঙ্গ করা হবে এবং সরকার সেখানে ব্যবস্থা নেবে। ডা. জাহেদ উর রহমান বলেন, আমি মনে করি না আওয়ামী লীগের সেই নৈতিক সাহস আছে। চোরের মায়ের বড় গলা হয়— তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু মৌলিক নীতি ও শর্ত রয়েছে। এমনকি কোনো উগ্রপন্থি গোষ্ঠীকে ৪০-৫০ শতাংশ মানুষ সমর্থন করলেও তাদের নির্বিঘ্নে কার্যক্রম চালাতে দেওয়া উচিত নয়। এটা একটা বিচারিক প্রক্রিয়া এবং আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।