সব সংবাদ
রাজনীতি

সাভার-আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ঠেকাতে যুবদলের সতর্ক অবস্থান

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় সম্ভাব্য সহিংসতা এড়াতে যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে নেতাকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকে ঘিরে সম্ভাব্য সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যুবদল। যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও দেশবিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা যুবদলসহ বিএনপির বিভিন্ন সংগঠন তাদের এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে সজাগ দৃষ্টি রেখেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ও আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো কার্যক্রম দেখা যায়নি। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।