সব সংবাদ
রাজনীতি

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে রাতের অগ্নিসংযোগ, ভাঙচুর

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে গভীর রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ফুটবল ম্যাচ দেখার পর কার্যালয় ফাঁকা হয়ে গেলে দুর্বৃত্তরা প্রবেশ করে এই হামলা চালায়।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে গভীর রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ মঙ্গলবার সকালে দৈনিক ইনকিলাবকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা। খেলা শেষ হওয়ার পর গভীর রাতে সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। এরপরই একদল দুর্বৃত্ত ফাঁকা কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন টেনেহিঁচড়ে বাইরে ফেলে দেয়। বাজারের নৈশপ্রহরীরা ঘটনা টের পেয়ে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি রাতেই উপজেলা বিএনপি এবং থানা পুলিশকে অবহিত করা হয়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুনে কার্যালয়ে থাকা কিছু পুরোনো চেয়ার ও ফেস্টুনের অংশবিশেষ পুড়ে গেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে কে বা কারা কাপুরুষোচিতভাবে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। তাদের ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী রাজনৈতিক দলের লোকজন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা এজাহার জমা দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।