সব সংবাদ
জাতীয়

ঢাকায় বিশেষ অভিযানে ১১৮ জন গ্রেপ্তার, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীও গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযানে একদিনে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার দিনভর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১৮ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেশের ছয় জায়গায় সোমবার নামানো হয়েছে সেনাবাহিনী এবং বিজিবি।

গ্রেপ্তারকৃত ২৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করেছে।

ডিএমপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে এবং দুই শতাধিক জায়গায় পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে।

পৃথক আরেক অভিযানে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধে জড়িত অভিযোগে ৮২ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, সন্ত্রাসী ও ডাকাতি সংশ্লিষ্ট ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জন রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।