বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু: খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন আরাফাত
রাজধানী ঢাকায় খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।
ঢাকার ফকিরাপুল এলাকায় সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আরাফাত রহমান শাওন আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ওয়ারী যাচ্ছিলেন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে হঠাৎ শাহজাহান নামে এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে শাওনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও বাম চোখের ওপরে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। আহত পথচারী শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি লুৎফুর রহমান ও সুলতানা আক্তার দম্পতির একমাত্র সন্তান। বর্তমানে রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।
শাওনের মা সুলতানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, একটু আগেও নিজের হাতে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়েছি। আর মাত্র আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ ছিল। অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
পুলিশ জানিয়েছে, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।