সব সংবাদ
জাতীয়

আশুরা উপলক্ষে ঢাকায় তাজিয়া মিছিল, নিষিদ্ধ অস্ত্র ও পটকা

আগামী ২৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অস্ত্র ও আতশবাজি বহনে নিষেধাজ্ঞা জারি করেছে।

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৬ জুন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। এ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত ও জনচলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি (২৬ জুন ২০২৬) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতংক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।

এতে আরও বলা হয়, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।