সব সংবাদ
জাতীয়

মেসির ম্যাচ দেখতে গিয়ে প্রাণ গেল আইইউবি শিক্ষার্থীর

রাজধানীর ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি আগামী ৩০ জুন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যাওয়ার কথা ছিল।

ঢাকার ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় সোমবার (২২ জুন) রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শাওনের বন্ধু আনিফ জানান, রাতে আর্জেন্টিনা দলের খেলা দেখতে কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে ওয়ারীর দিকে যাচ্ছিলেন। ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় পৌঁছালে শাহজাহান নামে এক পথচারী হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পথচারী শাহজাহানও গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাওন ছিলেন মেধাবী ও স্বপ্নবাজ একজন তরুণ। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ভিসা, ভর্তি ও অন্যান্য আনুষ্ঠানিকতাও প্রায় সম্পন্ন হয়েছিল। আর মাত্র আট দিন পর তার বিদেশ যাওয়ার কথা ছিল। নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের সঙ্গে রাজধানীর হাতিরঝিল এলাকার মধুবাগে বসবাস করতেন।