সব সংবাদ
খেলা

এমবাপ্পে জানালেন মেসি নিয়ে তাঁর অবস্থান

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ইরাকের বিপক্ষে জোড়া গোল করেছেন এবং মেসি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আর্জেন্টাইন অধিনায়কের দিকে তিনি মনোযোগ দেন না এবং শুধু নিজের দলের কথাই ভাবেন।

বিশ্বকাপে ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ফ্রান্স নকআউট পর্বও নিশ্চিত করে। ম্যাচের কয়েক ঘণ্টা আগে লিওনেল মেসি দুই গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এরপরই মেসি প্রসঙ্গে কথা বলতে এগিয়ে আসেন এমবাপ্পে।

ফরাসি এই তারকা পরিষ্কার জানিয়ে দেন, আর্জেন্টাইন অধিনায়ক ম্যাচে কী করছেন সেদিকে তাঁর নজর নেই। তিনি বলেন, ‘লিও সবসময় গোল করে। আগেও করেছে, ভবিষ্যতেও করবে। লিও কী করছে সেদিকে যদি আমি নজর দিতাম, তাহলে আমাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হতো।’ তিনি আরো যোগ করেন, ‘আমি ওর দিকে মোটেই মনোযোগ দিই না। আমি শুধু আমার দলকে সাহায্য করার কথা ভাবি।’

এই ম্যাচে ফ্রান্সের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এমবাপ্পে। বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান। মেসির চেয়ে মাত্র দুই গোলে পিছিয়ে আছেন তিনি।

নিজের ফর্ম নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। সবাই জানে বিশ্বকাপ একজন ফুটবলারের জন্য কতটা বড় লক্ষ্য। রিয়াল মাদ্রিদের হয়ে সেরা মৌসুম কাটানোর চেষ্টা করেছি। জানুয়ারিতে গুরুতর চোট পেয়েছিলাম। তারপর শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় ফিরে এসেছি।’

ফিলাডেলফিয়ায় প্রচণ্ড ঝড়ের কারণে ম্যাচে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। এই বিষয়ে এমবাপ্পে বলেন, ‘রাতটা অনেক লম্বা ছিল। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা ড্রেসিংরুমে ছিলাম। মনোযোগ ধরে রাখা কঠিন ছিল। অনেক শক্তি খরচ হয়েছে। পরিস্থিতি জটিল ছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।’