সব সংবাদ
খেলা

ইব্রাহিমোভিচের মেসি প্রশংসা: ২ ম্যাচে ৫ গোল আমার ২ বিশ্বকাপে শূন্য

সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন। মেসি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন এবং আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন — ২ ম্যাচে ৫ গোল। অন্যদিকে ইব্রাহিমোভিচ ২০০২ ও ২০০৬ সালের দুই বিশ্বকাপে মোট ৫ ম্যাচ খেললেও একটিও গোল করতে পারেননি।

বিশ্বকাপে লিওনেল মেসির চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ সুইডেনের সর্বোচ্চ গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচ। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে মেসি জোড়া গোল করেছেন। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ২ ম্যাচে ৫ গোল করা আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে ফক্স স্পোর্টসে কথা বলতে গিয়ে ইব্রা নিজের বিশ্বকাপ-ব্যর্থতাও স্বীকার করেছেন হাসিমুখে।

পেনাল্টি মিস করার পরেও ২ গোল করে ম্যাচ জেতানো মেসিকে নিয়ে ইব্রাহিমোভিচ বললেন, 'এটা নিয়ে কখনোই কোনো সন্দেহ ছিল না। মাঝেমধ্যে পেনাল্টি মিস করে বলেই তাকে মানুষ মনে হয়, আবার কিছু মুহূর্তে তাকে মানুষ মনে হয় না। এটাই মেসি। এখন পর্যন্ত এই বিশ্বকাপটা তারই।'

এরপরই মেসির গোল-সংখ্যার সঙ্গে নিজের তুলনা টানেন সুইডিশ কিংবদন্তি, 'সে এখনো জর্ডানের বিপক্ষে খেলেনি, তাই জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। ২ ম্যাচে তার ৫ গোল। আর আমি দুই বিশ্বকাপ খেলেও গোল করতে পারিনি। তাই আমি খুশি, তার জন্য খুবই খুশি।'

সুইডেনের হয়ে ১২২ ম্যাচে ৬২ গোল করা ইব্রা ২০০২ ও ২০০৬ সালে মোট ৫ ম্যাচ খেলেছিলেন। মেসির ক্যারিয়ারের শুরুর দিকে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত বার্সেলোনায় তাঁর সঙ্গে সতীর্থ ছিলেন ইব্রা। সাবেক সতীর্থকে বিশ্বকাপে সাফল্যের ফোয়ারা ছোটাতে দেখে ভীষণ মুগ্ধ সুইডিশ তারকা।

৪৪ বছর বয়সী এই সাবেক ফুটবলার মেসির জন্মদিনের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, 'আমি চাই, সে এভাবেই এগিয়ে যাক। কয়েক দিনের মধ্যে তার জন্মদিন। তাকে উপভোগ করতে দিন। আসলে আমরা সবাই তাকে খেলতে দেখে উপভোগ করছি। অসাধারণ, সত্যিই অসাধারণ। তাকে নিয়ে বলার মতো ভাষা নেই।'