সব সংবাদ
রাজনীতি

নেছারাবাদে বিএনপির হুঁশিয়ারি: ফেসবুকে আওয়ামী লীগের পোস্ট প্রতিহত করা হবে

নেছারাবাদ উপজেলা বিএনপির নেতা মো. নাছির উদ্দীন তালুকদার আগামীকাল (২৩ জুন) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের পোস্ট দেখলেই প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে সোমবার (২২ জুন) রাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বরূপকাঠি পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

২২ জুন ২০২৬ রাত ৮টার দিকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বরূপকাঠি পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় মিলিত হয়। পথসভায় মো. নাছির উদ্দীন তালুকদার বলেন, আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) থেকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেবে, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারা কী ধরনের পোস্ট দিচ্ছে প্রশাসন তা অবগত রয়েছে। এসব ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত। এ সময় আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আপনাদের মা আর ফিরে আসবেন না। তাই বাঁকা পথ ছেড়ে স্বাভাবিক সামাজিক জীবনযাপন করুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে। সভায় স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ বলেন, আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ অতীতে আমাদের সঙ্গে যা করেছে, তার প্রতিশোধ না নিতে। তারা শান্তিতেই ছিল। কিন্তু আমাদের মানবিকতাকে দুর্বলতা ভেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উসকানিমূলক পোস্ট দিচ্ছে। তাই এখন থেকে সংঘবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। আজ (২৩ জুন) থেকে দলীয় নেতাকর্মী নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন শফিকুল ইসলাম ফরিদ। পথসভায় আরও বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।