সব সংবাদ
আন্তর্জাতিক

১১৫ দিনের রুদ্ধশ্বাস যাত্রার অবসান: বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পার

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মঙ্গলবার ভোর ৩টায় জাহাজটি সফলভাবে প্রণালি পাড়ি দেয়। এরপর ফুজাইরাহ বন্দরের দিকে যাত্রা করেছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমভি বাংলার জয়যাত্রা’ নামের জাহাজটি ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে। মঙ্গলবার ভোর ৩টায় (বাংলাদেশ সময়) জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে বলে নিশ্চিত করেছেন বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক। এর আগে সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অনুমতি দেয়। জাহাজটি সোমবার সকালে শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে ৮০ নটিক্যাল মাইল দূরের হরমুজ প্রণালির চ্যানেলের দিকে রওনা হয়। রাত ৯টা ১০ মিনিটে জাহাজটি ইরানের কেশম দ্বীপ ও ওমানের খাসাব বন্দরের মধ্যবর্তী অংশে অবস্থান করছিল। প্রায় ৭ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে যেতে যেতে রাত ১০টা ১০ মিনিটে হেনগাম দ্বীপ অতিক্রম করে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, ইরানের নৌবাহিনী বা কোস্ট গার্ডের কাছ থেকে কোনো বাধা আসেনি। এখন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের পথে রয়েছে এবং দুপুর ১টায় সেখানে পৌঁছাবে। সেখান থেকে জ্বালানি তেল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হবে এবং জাহাজের তলায় শ্যাওলা পরিষ্কার করা হবে। এরপর জাহাজটি সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করবে। জাহাজের ৩১ জন নাবিক সবাই বাংলাদেশি। গত ২৭ ফেব্রুয়ারি জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরেই আটকে পড়ে। এর মধ্যে একাধিকবার প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সববার ব্যর্থ হয়েছিল।