সব সংবাদ
জাতীয়

গাজীপুরে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ ২০ জন আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পাগলা শিয়াল সোমবার রাতে গ্রামের বাড়িতে প্রবেশ করে কমপক্ষে ২০ জনকে কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শিয়ালটি এখনো এলাকায় ঘুরছে, এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা মার্কেট এলাকায় সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে একটি পাগলা শিয়াল এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে লোকজনকে কামড়িয়ে আহত করেছে। এ ঘটনায় হাসান মিয়া, শাওন, বিলকিস বেগম, মোরশেদা বেগম, হালিমা আক্তার ও টিপু মিয়াসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের গাজীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়ালটি প্রথমে হালিমা আক্তারের ঘরে গিয়ে তাকে কামড়ায়। এরপর সে একে একে আশপাশের বাড়িতে ঢুকে অন্যদেরও আক্রমণ করে। এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম জানান, শিয়ালটি এখনো গ্রামের মধ্যে দৌড়াদৌড়ি করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকতার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।