বজ্রপাতে মৃত্যু রোধে ১৯০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে ১ হাজার ৯০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনো একনেকে পাস হয়নি।
২২ মার্চ ২০২৩ তারিখে রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানান, বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনো একনেকে পাস হয়নি। প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে পাস হবে বলে আশা করা যায় এবং এটি বাস্তবায়ন করা গেলে বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামবে। এর আগে ইতোমধ্যে দেশের ১৫টি দুর্যোগপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, এ প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সতর্কবার্তা পাওয়া যাবে।