শিক্ষামন্ত্রী: ২০২৭ সালের এইচএসসি পরীক্ষায় কোনো সেশনজট হবে না
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েেছে। এখন থেকে এইচএসসি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সমন্বয় করা হবে, যাতে শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়। মাধ্যমিকের ফলাফল জুলাই মাসে প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (২২ জুন ২০২৬) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, কোনো সেশনজট হতে দেব না। ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন আমরা করে ফেলেছি। মাধ্যমিকের ফলাফল জুলাই মাসে দেওয়া হবে। এখন থেকে এইচএসসি পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তিকে সিনক্রোনাইজ করা হবে, যাতে শিক্ষার্থীদের সময় আর নষ্ট না হয়।
তিনি আরও জানান, সব ধরনের বৈষম্য দূর করে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে আরও ঢেলে সাজানো হচ্ছে। যেখানে শিক্ষক নেই, সেখানে দু-তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতের সরকার অনেক কিছু করেনি। বিভিন্ন জায়গায় শিক্ষক সঙ্কট রয়েছে, মামলার জটিলতার কারণে অনেক কিছু আটকে ছিল। এবার হাইকোর্ট বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং তারা মামলার জট খুলে দিচ্ছেন। হাইস্কুলে শিক্ষক যাবে, এমপিও প্রতিষ্ঠানে যাবে। কলেজে শিক্ষক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে, তাই একটু সময় লাগবে।
তিনি জানান, প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন, হাইস্কুল ও সরকারি হাইস্কুলে ৯ হাজার, ইসলামী শিক্ষক ৯ হাজার নিয়োগ দেওয়া হবে।
এই সভায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আফতাব উদ্দীন।