পেনশন কার্যক্রম দ্রুতায়নে সিএজি'র নির্দেশনা
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম-এর সভাপতিত্বে ২২ জুন সিএজি কার্যালয়ে OPTMS পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় Online Pension Tracking & Management System (OPTMS)-এর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং পেনশন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পাদনের নির্দেশনা প্রদান করা হয়।
সম্মানিত পেনশনারদের পেনশন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম-এর সভাপতিত্বে সোমবার (২২ জুন ২০২৬) সিএজি কার্যালয়ে সিজিএ, সিজিডিএফ এবং এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে Online Pension Tracking & Management System (OPTMS)-এর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় OPTMS-এর সর্বশেষ অগ্রগতির ওপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনায় জানানো হয় যে, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর কার্যালয়সমূহে অবসর-উত্তর (Post-Retirement) অটোমেশনের সফলতার ধারাবাহিকতায় অবসর-পূর্ব (Pre-retirement) পর্যায়ের কার্যক্রমকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে OPTMS প্রস্তুত করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে সম্মানিত পেনশনার পেনশন আবেদন জমাদানের পর তার পেনশন ফাইলের সর্বশেষ অগ্রগতি কোন কার্যালয়ের কোন পর্যায়ে রয়েছে তা নিজেই অনলাইনে দেখতে পাবেন। উক্ত কার্যক্রম সফলভাবে ও অতি দ্রুত বাস্তবায়নের জন্য সিজিএ, সিজিডিএফ ও এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়কে এসপিএফএমএস কর্মসূচির সংশ্লিষ্ট কম্পোনেন্টের কারিগরি টিমের সাথে নিয়মিত যোগাযোগ ও সর্বাত্মাক সহযোগিতা নিশ্চিতকরণের জন্য সিএজি মো. নূরুল ইসলাম নির্দেশ প্রদান করেন। সভায় OPTMS-এ সিজিএ কার্যালয়ের সুপারিশসমূহ অন্তর্ভুক্তকরণ, সিজিডিএফ ও এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট Business Process দ্রুত প্রস্তুত ও প্রেরণ, ইএলপিসি (ELPC) ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সার্ভিস স্টেটমেন্ট সংক্রান্ত বিষয়ে পেনশনভোগীদের ভোগান্তি হ্রাসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে OPTMS দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করবে এবং এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা অধিক স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী ডিজিটাল পেনশন সেবা লাভ করবেন।