তিন ইউনিয়নের নাম বদলের নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত এই ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে সংসদে প্রশ্ন উঠেছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নতুন গঠিত মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি এসেছে। ডিসি তৌফিকুর রহমান বলেন, চিঠিটি ইনডোর্স করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং আগামীকাল থেকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু হবে। এ বিষয়ে শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান বলেন, নির্দেশনা অনুযায়ী দ্রুত কাজ শুরু করা হবে। এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী ডিসিকে ফোন করে দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো। নামগুলো তার পারিবারিক পদবি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়। তবে তিনি অভিযোগ নাকচ করে বলেন, নামগুলো অলৌকিকভাবে ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।