সব সংবাদ
রাজনীতি

চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি কাল

চব্বিশের জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় চট্টগ্রামে ৬ জন হত্যার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আগামীকাল আসামিপক্ষের শুনানির তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে সময় চেয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল সোমবার প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষে আগামীকাল ২৪ জুন আসামিপক্ষের শুনানির তারিখ ধার্য করেন। এ মামলায় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামসহ ৬ জনকে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন ফারুক আহাম্মদ। তিনি ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবদেন করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা ডিসচার্জের (অব্যাহতি) ওপর শুনানির জন্য সময় চান, যার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী তারিখ নির্ধারণ করেন। চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এ মামলায় পাঁচজন গ্রেফতার রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী অসুস্থতার কারণে আদালতে হাজির হননি। তবে তার আইনজীবী উপস্থিত ছিলেন। গত ৪ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ফজলে করিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় উপস্থিত হতে পারেননি। গ্রেফতার পাঁচ আসামি হলেন এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। এছাড়া পলাতক রয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবরসহ আরও ১৭ জন। গত ১৩ মে ট্রাইব্যুনাল পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন। প্রসিকিউশন জানায়, গত ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় আনা হয়। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিলা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়।