মির্জা ফখরুলের অভিযোগ: জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, বিএনপি গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে এবং তাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপি একমাত্র দল যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্তে বিএনপি এই লড়াই চালিয়ে গেছে। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপি নেতা তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। মন্ত্রী উল্লেখ করেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে, তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করা সমীচীন হবে না। অন্যদিকে জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি এবং তারা গণতন্ত্রই বিশ্বাস করে না। এদিকে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে স্থানীয়দের দুর্ভোগের খোঁজ-খবর নেন এবং পরে জুলাই আন্দোলনের শহীদদের কবরে জিয়ারত করেন।