সব সংবাদ
অর্থনীতি

১৪ দিনে ব্যবসা শুরুর লক্ষ্য নির্ধারণ সরকারের

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আগে প্রায় এক বছর সময় লাগলেও এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরু করার সুযোগ তৈরি করা হবে। এলসি খোলার প্রক্রিয়াও ১৫তম দিনে সম্পন্ন করা যাবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক ব্রিফিং সেশনে এ কথা জানান। এ অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) যৌথভাবে সহযোগিতা করে।

মন্ত্রী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার। একটি কোম্পানি আদর্শ পরিস্থিতিতে ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে।

জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা নিয়ে যে সুপারিশ দিয়েছে, তাকে শুধু সময় পাওয়ার বিষয় হিসেবে না দেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এই রূপান্তরকালকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালীকরণ এবং উৎপাদনভিত্তি বহুমুখীকরণে ব্যবহার করতে হবে।

সম্প্রতি উপস্থাপিত বাজেটে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কথা বলা হয়েছে। বাজেটে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং জটিলতা হ্রাস এবং বাজার বহুমুখীকরণে সরকারের অগ্রাধিকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের ওপর গুরুত্ব দিচ্ছেন। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এখন পরিবেশগত সুরক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার এবং জলবায়ু সহনশীলতার আলোকে নতুনভাবে গড়ে উঠছে।

দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল প্রতিষ্ঠা করেছে। এটি সরকারি সংস্থা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আগামী জুলাই মাসে এসব পরিবর্তন বাস্তবায়নের বিষয়ে জন ঘোষণা দেওয়া হবে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিআইডিএর এক্সিকিউটিভ মেম্বার মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি ড. মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।