বিবিএসের নতুন মাইক্রোডেটা ল্যাব উদ্বোধন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং দক্ষিণ কোরিয়ার কোইকার যৌথ উদ্যোগে ঢাকায় ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবের মাধ্যমে গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা সরকারি শুমারি ও জরিপের প্রাথমিক তথ্য ব্যবহারের সুযোগ পাবেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার (কেওআইসিএ) যৌথ উদ্যোগে ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’ উদ্বোধন উপলক্ষে একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে আয়োজিত এই কর্মশালায় ‘ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিস্টিকস সার্ভিস বেসড অন প্ল্যাটফর্ম’ প্রকল্পের আওতায় এই ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এই ল্যাব বিবিএসকে শুধু তথ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, বরং আধুনিক ডাটা সার্ভিস প্রদানকারী জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে। এটি গবেষণা ও নীতি বিশ্লেষণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং তথ্যের গোপনীয়তা ও জনআস্থা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার জানান, এই ল্যাবের মাধ্যমে সকল মাইক্রোডেটা শুমারির ক্ষেত্রে ৫ শতাংশ এবং জরিপের ক্ষেত্রে ১০০ শতাংশ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে কোনো প্রাথমিক মাইক্রোডেটা ল্যাবের বাইরে নেওয়া যাবে না।
কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম বলেন, বিবিএসের সঙ্গে তাদের এই যৌথ প্রয়াস দেশের পরিসংখ্যানগত অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাহায্য করছে। বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, এই সুবিধাটি অর্থনীতিবিদ, গবেষক এবং নীতিনির্ধারকদের জন্য সরকারি ডেটা ব্যবহারের একটি নিরাপদ ও সুশাসিত কাঠামো তৈরি করবে।