সব সংবাদ
খেলা

গবেষণা: বামপন্থি মেসিকে, ডানপন্থি রোনালদোকে বেশি পছন্দ করেন

সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বামপন্থি বা প্রগতিশীল মানুষ লিওনেল মেসিকে এবং ডানপন্থি বা রক্ষণশীল মানুষ ক্রিস্টিয়ানো রোনালদোকে বেশি পছন্দ করেন। ২৬টি দেশের ১০,৬৬১ জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা চালানো হয়।

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এবার রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় উঠে এসেছে। সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্ক প্ল্যাটফর্মে প্রকাশিত ‘রাজনীতির গণ্ডির বাইরে রাজনৈতিক পরিচয়: ২৬টি দেশে মেসি-রোনালদো পছন্দের ধরন’ শীর্ষক গবেষণায় এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গবেষণায় ২৬টি দেশের মোট ১০ হাজার ৬৬১ জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয়, যাদের কাছ থেকে চলতি বছরের এপ্রিল ও মে মাসে তথ্য সংগ্রহ করা হয়। বিশ্লেষণে ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ, কর্তৃত্ববাদী প্রবণতা, আত্মমর্যাদাবোধ এবং সংশ্লিষ্ট দেশের ফিফা র্যাঙ্কিংসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। ফলাফলে দেখা যায়, যারা নিজেদের প্রগতিশীল হিসেবে পরিচয় দিয়েছেন, তারা মেসিকে বেশি পছন্দ করেন এবং নিজেদের রক্ষণশীল হিসেবে চিহ্নিত করা অংশগ্রহণকারীদের মধ্যে রোনালদোর প্রতি আকর্ষণ বেশি। গবেষকদের মতে, বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করার পরও মেসি ও রোনালদোর মধ্যে পছন্দ নির্ধারণে সবচেয়ে শক্তিশালী পূর্বাভাসদাতা ছিল রাজনৈতিক অবস্থান। এছাড়া তুলনামূলকভাবে বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার মানুষ মেসির প্রতি বেশি আকৃষ্ট হন এবং কর্তৃত্ববাদী প্রবণতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে রোনালদোর জনপ্রিয়তা বেশি। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, গবেষণাটি এখনো পিয়ার রিভিউয়ের ধাপে যায়নি এবং সম্পর্ক থাকলেও তার প্রভাব তুলনামূলকভাবে সীমিত।