পরশুরামে মাদক ও চোরাচালান বৃদ্ধি নিয়ে উদ্বেগ, ওসির সতর্কবার্তা
পরশুরাম উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও চোরাচালান বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম সতর্ক করে বলেছেন, মাদক কারবারীদের ছাড়াতে কেউ থানায় আসবেন না।
পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পরশুরাম অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, বিলোনিয়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন মজুমদার, ফেনী জজ কোর্টের এপিপি আবদুল আলিম মাকসুদ, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, বিজিবির কেতরাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র ভৌমিক, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে মাদক ও চোরাচালান আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে প্রশাসন ও জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। ইউএনও বলেন, প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে। পরশুরাম যেহেতু তিন দিকে ভারত বেষ্টিত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে বলে তিনি উল্লেখ করেন। পরশুরাম মডেল থানার ওসি মোঃ আশ্রাফুল ইসলাম আরও বলেন, মাদক কারবারীদের ছাড়াতে বা তদবিরে কেউ থানায় আসবেন না এবং তদবীর করে অযথা নিজেকে ছোট করবেন না।