ছাগলনাইয়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে ছাগলনাইয়া পৌরসভার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক সৈয়দ ফারহানা পৃথা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আয়োজকরা জানান আগামী ৬ মাসে ১০০০ বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এবং প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহ্বান জানান কর্তৃপক্ষ।