আইসিএপিপির স্থায়ী কমিটিতে বিএনপির প্রতিনিধি হিসেবে মো. ইসমাইল জবিউল্লাহ
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে আন্তর্জাতিক রাজনৈতিক ফোরাম আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। আগামী জুনে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য সভায় তিনি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।
বিএনপির প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০০০ সালে প্রতিষ্ঠিত আইসিএপিপি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম, যা দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় মো. ইসমাইল জবিউল্লাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। এর আগে ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।