শাহজালাল দরগাহের দানবাক্সে মিলল প্রায় ১৮ লাখ টাকা
সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহের দানবাক্স থেকে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা নগদ অর্থ ও ৭ আনা সোনা উদ্ধার করা হয়েছে। ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দানবাক্সের টাকা গণনা করা হলো।
সিলেটে হযরত শাহজালাল (র.) এর পবিত্র দরগাহে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দানবাক্স খোলা হয়েছে। সোমবার বিকেলে এই গণনার সময় উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। গণনায় পাওয়া গেছে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা। দরগাহের তিনটি ডেগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত নতুন দানবাক্স থেকে এই অর্থ ও সোনা পাওয়া যায়। ডিসি সারওয়ার আলমের বদলির আদেশের মাত্র একদিন পরই এই দানবাক্স খোলা হয়। দরগাহের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার দরগাহে থাকা দানের তিনটি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন এবং তার পরিবর্তে নতুন দানবাক্স স্থাপন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে নতুন দানবাক্স স্থাপনের পাশাপাশি নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। গত বছরের আগস্টে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম। এর আগে র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক প্রশংসিত হন। সিলেটের ‘সাদা পাথর’ লুটের ঘটনায় আগের ডিসিকে বদলি করে সারওয়ার আলমকে নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছিল।