সব সংবাদ
জাতীয়

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ৯ দিনের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের ৯ দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করেছে। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই ক্ষমতা কার্যকর থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিশেষ ক্ষমতা প্রদান করেছে। সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তারা এই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডে প্রেষণে কর্মরত সমমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নির্ধারিত এলাকাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এই আদেশের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীকে গ্রেপ্তার, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, তল্লাশি পরিচালনা ও জনশৃঙ্খলা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।