লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে শান্তির বার্তা রেখে গেল ইরান ফুটবল দল
বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। চিঠিতে বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলার পর ইরান জাতীয় ফুটবল দলটি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি বিশেষ চিঠি রেখে গেছে। ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশিত ওই চিঠিতে লেখা হয়েছে, 'হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান—ইরানের চেতনা চিরকাল প্রাণবন্ত ও অবিচল। আমরা লস অ্যাঞ্জেলেসে অত্যন্ত গর্বের সঙ্গে এসেছি, সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি।' চিঠিতে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাব অঞ্চলের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ হামলার বিষয়টিও চিঠিতে স্মরণ করা হয়েছে, যেখানে অন্তত ১৬৮ জন প্রাণ হারিয়েছিলেন।
ইরান বিশ্বকাপে তাদের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে। নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দুটি করেছে ড্র। গ্রুপ পর্বে তাদের পরের ম্যাচ মিসরের বিপক্ষে সিয়াটলে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে এবারের বিশ্বকাপে মাঠের বাইরে নানা জটিলতায় ভুগছে ইরান। শুরুতে ইরানের মূল অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও সেটি বদলে নিয়ে যাওয়া হয় মেক্সিকোতে। ফিফার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের আগের দিন এসে ম্যাচ শেষে আবার চলে যেতে হবে ইরান দলকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাৎক্ষণিকভাবে মেক্সিকোয় চলে যেতে বলায় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইরান কোচ আমির গালেনোই, 'আমার মনে হয়, পুরো বিশ্বকাপের মধ্যে সম্ভবত আমরাই সবচেয়ে বেশি নিপীড়িত দল।'