প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: অস্ত্রসহ যুবলীগ নেতা আটক, এলাকায় বিক্ষোভ
কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা জাকির হোসেনকে আটক করেছেন এলাকাবাসী। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) গভীর রাতে পূর্বকাউয়ারচর এলাকায় স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার সময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক হয়েছেন।
জানা যায়, মিজানুর রহমান নামে এক বাসিন্দা দীর্ঘদিন ধরে মালদ্বীপে কাজ করছেন। তার অনুপস্থিতির সুযোগে জাকির হোসেন প্রায় প্রতি রাতে ওই নারীর বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে জাকির বাড়ির বেড়া কেটে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।
এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাকিরকে অস্ত্রসহ ধরে ফেলেন এবং মারপিট করেন। পরে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। গণধোলাইয়ে আহত জাকিরকে প্রথমে রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জাকিরকে থানায় নিয়ে যাচ্ছিলেন, তখন শত শত এলাকাবাসী জড়ো হয়ে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন।
স্থানীয়দের দাবি, জাকির হোসেন এলাকায় চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে খুন, মাদক ব্যবসা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্তুতি চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।