সব সংবাদ
আন্তর্জাতিক

সীমান্ত শূন্যরেখায় নয়দিন ধরে আটকে ৫ যুবক, চরম দুর্ভোগে জীবন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় বিএসএফের পুশইনে আটকা ৫ যুবক গত নয়দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। গত ১৪ জুন ভোরে বিএসএফ ৯ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা বাধা দেয়। পরে ১৮ জুন রাতে ২ শিশু ও তাদের বাবা-মাকে উদ্ধার করা হলেও ৫ যুবক এখনও আটকে আছেন।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পুশইনের শিকার হয়ে গত নয়দিন ধরে আটকে পড়ে আছেন ৫ যুবক। তারা গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। এই সময়ে তারা প্রচণ্ড রোদ, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে প্লাস্টিকের সামান্য ছাউনির নিচে চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। তাদের কাছে নেই পর্যাপ্ত খাবার, গোসল বা স্যানিটেশনের কোনো সুবিধা।

গত ১৪ জুন রোববার ভোর সাড়ে ছয়টায় গয়টাপাড়া সীমান্ত দিয়ে ২ শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনসহ মোট ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। ঘটনার ৪ দিন পর ১৮ জুন বৃহস্পতিবার রাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২ শিশু ও তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেয় বিজিবি। তবে বাকি ৫ যুবক এখনও শূন্যরেখায় আটকে আছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। স্থানীয়দের দাবি, দ্রুত দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে আটকে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়া হোক। জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, পুশইন করা নাগরিকদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না এবং উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।