প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন। সোমবার (২২ জুন) সন্ধ্যায় তিনি দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি বেইজিং যাবেন।
মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছেছেন। সোমবার (২২ জুন ২০২৬) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি চীনের দালিয়ানে পৌঁছান। এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে ওইদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
রুমন জানান, দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন, যেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে প্রধানমন্ত্রী বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন।
এদিকে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।