কুয়েট ও জনতা ব্যাংকের চুক্তি: শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লেনদেন সুবিধা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে আর্থিক লেনদেন করতে পারবেন।
২২ জুন ২০২৬ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এই চুক্তির ফলে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সেবাগ্রহণকারীরা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে বিভিন্ন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, জনতা ব্যাংকের সঙ্গে এই চুক্তি কুয়েটে ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের লেনদেন ব্যবস্থা আরও আধুনিক ও ব্যবহারকারী-বান্ধব হবে। এই সমঝোতার আওতায় কুয়েটের শিক্ষার্থী ও সেবাগ্রহণকারীরা জনতা ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম—জনতা-পে এবং ই-জনতা ছাড়াও ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস কার্ড এবং জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে বিভিন্ন ফি, বেতন, ভাতা এবং অন্যান্য চার্জ পরিশোধ ও গ্রহণ করতে পারবেন। চুক্তিপত্রে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং জনতা ব্যাংক পিএলসি-এর পক্ষে মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কুয়েটের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, কুয়েট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুয়ারা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। এই সমঝোতা স্মারকের মাধ্যমে কুয়েট ও জনতা ব্যাংকের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো এবং এটি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর ও স্মার্ট সেবা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।