সংসদে 'মবোক্রেসি' শব্দ বিতর্ক; স্পিকার অশ্লীল নয় বলে প্রত্যাখ্যান
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় 'মবোক্রেসি' শব্দটি ব্যবহার নিয়ে তীব্র আপত্তি তুলেছে জামায়াতে ইসলামী। সংসদ সদস্য রাশেদুল ইসলাম এই শব্দটি এক্সপাঞ্জ করার দাবি জানালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি অশ্লীল শব্দ নয়।
সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়াকে 'মবোক্রেসি' বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বিরোধী দল বাজেট প্রত্যাখ্যান করে রাস্তায় দাঁড়িয়ে 'মানি না মানবো না' বলছে - এটা মবোক্রেসি। এরপর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জবাবে বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয় এবং এক্সপাঞ্জ করার মতো নয়। তিনি আরও বলেন, 'মবোক্রেসি' এখন একটি সাধারণ শব্দ হয়ে গেছে, সবার বক্তৃতায় শোনা যায়। বিরোধী দলের নেতা শফিকুর রহমানও এই শব্দটির তীব্র সমালোচনা করে বলেন, এটি ডেমোক্রেসির বিরুদ্ধে একটি নিন্দনীয় শব্দ।