২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ৫ জেলায় বিজিবি মোতায়েন
সরকার আসন্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অরাজকতার আশঙ্কায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই পাঁচ জেলায় সদস্যরা দায়িত্ব পালন করবে।
আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে অরাজকতা হতে পারে— এমন আশঙ্কার মধ্যে সরকার সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) মোতায়েন করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার— এই পাঁচ জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে। এদিকে আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছে। এই আলোচনার মধ্যে সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এসব জেলায় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। সেদিন সারাদেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। আশঙ্কা করা হয়, আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে মিছিল করতে পারে। এতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এদিকে ২৩ জুন উপলক্ষে ঢাকায় ১৮ হাজার পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার রাতে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে।