সব সংবাদ
রাজনীতি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছয় জেলায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত এই ক্ষমতা বলবৎ থাকবে।

সরকার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ছয় জেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে বড় পদের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় সেনা কর্মকর্তারা গ্রেপ্তার, তল্লাশি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এবং মুচলেকা আদায়ের ক্ষমতা পাবেন। এর আগে গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাখা হয় এবং ১৭ সেপ্টেম্বর তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় আসে বিএনপি। মে মাস থেকে ধাপে ধাপে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার কাজ শেষ হয় ১৫ জুন। এখন আবারও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েন করা হল। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অরাজকতা হতে পারে— এমন আলোচনা কয়েকদিন ধরেই চলছে।