শিক্ষামন্ত্রী: শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সারা দেশের ৯টি শিক্ষা বোর্ড এখন থেকে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারা দেশের ৯টি শিক্ষা বোর্ড এখন থেকে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেবে, যা আগে আলাদা আলাদা হতো। আগামীতে মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা বোর্ডে যে যে বিষয়গুলো একক বা কমন সেগুলো কমন প্রশ্ন করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, তিনি চান না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার জন্য সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছেন এবং সিলেবাস কারিকুলাম ক্রমান্বয়ে পরিবর্তন করা হচ্ছে। শিশুদের জন্য খেলাধুলা, নীতি-নৈতিকতাসহ বিভিন্ন বিষয় শিক্ষায় যুক্ত করা হচ্ছে। দেশের বেশি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট জিডিপির ৫% দেওয়ার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ৫% জিডিপি বাজেট করার সক্ষমতা এই মুহূর্তে ছিল না, তবে ধাপে ধাপে বাজেট বাড়ানো হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সাংসদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন খাতে অবদানের জন্য ৪৯ জন শিক্ষক-মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও ৩ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।