সব সংবাদ
অন্যান্য

গুজব ঠেকাতে সার্বক্ষণিক কাজ করছে সরকারের বিশেষ কমিটি

সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, তথ্য অধিদপ্তরে গঠিত বিশেষায়িত গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি ২৪ ঘণ্টা কাজ করছে। এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের সত্যতা যাচাই করে দ্রুত সময়ে সরকারের পক্ষ থেকে তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি সকল গণমাধ্যমে পাঠাচ্ছে।

২২ জুন ২০২৬ তারিখে সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সারাদেশে অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি ২৪ ঘণ্টা সার্বক্ষণিক কাজ করছে এবং যেকোনো গুজব সনাক্ত হলে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি সরকারি ও বেসরকারি সকল গণমাধ্যমে পাঠানো হচ্ছে। এছাড়াও তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে। অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।