সব সংবাদ
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ছয় জেলায় সেনা মোতায়েন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতা রুখতে ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎপরতা মোকাবেলা করতেই ছয় জেলায় সেনা মোতায়েন করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো আছে এবং সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া আওয়ামী লীগ বিভিন্ন জেলায় অপতৎপরতা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ রয়েছে। এজন্যই প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়াতে হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে, যার মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৯ দিনের জন্য সেনা মোতায়েনের অনুরোধ করা হয়েছে। ২২ থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার' হিসেবে সেনাসদস্যরা কাজ করবেন।